দেশের শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা, কর্মসংস্থান ও পেশাগত প্রস্তুতির সমন্বয় ঘটাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম ২০২৬’।
শনিবার স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ), বিজিএমইএ ও আইএসইউর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব চাহিদা, কর্মসংস্থানের সুযোগ এবং ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) পরিচালক ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং ডেসকোর বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসইউর রেজিস্ট্রার মো. ফায়জুল্লাহ কৌশিক। স্বাগত বক্তব্যে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ দেশের অর্থনৈতিক অগ্রগতি ও শিল্পোন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের কর্মমুখী প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক কর্মশক্তি গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে ক্যারিয়ার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন স্ট্যান্ডার্ড গ্রুপের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. রেজাউল করিম। সিসিপ-বিজিএমইএর পক্ষে উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর মো. মুনির চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সিসিপ-বিজিএমইএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. আশফাকুর রহমান (রাজিব) ও কো-অর্ডিনেটর শেখ নাজমুল হক পলাশ।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিসিপ-বিজিএমইএ-আইএসইউ প্রোগ্রামের সেন্ট্রাল ইনচার্জ মো. আমিনুল হক, আইএসইউর ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ডেপুটি ডিরেক্টর এ. কে. এম. রফিকুল আলম, স্ট্যান্ডার্ড গ্রুপের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সালমান ওসমান অরণ্য, এসসিএমপিপির লিড ট্রেইনার ড. মো. রুবেল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেইনার মো. সবুজ।
আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব চাহিদা, কর্মসংস্থানের সুযোগ ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। পাশাপাশি শিল্পখাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়। আইএসইউতে চলমান প্রশিক্ষণ ব্যাচের সব প্রশিক্ষণার্থী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও দক্ষ মানবসম্পদের সমন্বিত উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।