Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

টেক্সটাইলশিল্পের সমস্যা সমাধানে আইএসইউতে ‘ক্যাসকেড ২০২৬’

...

টেক্সটাইলশিল্পের বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ও বাস্তবসম্মত ব্যাবসায়িক সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে অন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা ‘ক্যাসকেড ২০২৬’। আইএসইউ টেক্সটাইল ক্লাব ও আইএসইউ বিজনেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘টেক্সটাইলশিল্পের সমস্যা থেকে ব্যাবসায়িক সমাধান’।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ছয়টি দল। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী।

গ্র্যান্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বিয়ন্ড দ্য কেস, দ্য চ্যালেঞ্জার্স, ইরর অ্যান্ড থ্রেড, দ্য হান্টার্স, টেক্সস্পায়ার ও ইলেকট্রনস। দলগুলো টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করে সেগুলোর সম্ভাব্য সমাধান, ব্যাবসায়িক কৌশল ও বাস্তবভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে টেক্সস্পায়ার, দ্বিতীয় স্থান অর্জন করে বিয়ন্ড দ্য কেস এবং তৃতীয় স্থান অর্জন করে দ্য চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে সনদ এবং প্রাইজমানি তুলে দেওয়া হয়।

অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা টেক্সটাইলশিল্পের বিদ্যমান চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করে বাস্তবসম্মত ব্যাবসায়িক কৌশল প্রণয়নের সুযোগ পায়। এতে শিল্প খাতের সমস্যা চিহ্নিত করা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর সমাধান তৈরির ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়ে।

আরো বলেন, ভবিষ্যৎ কর্মজীবনে শিল্প খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, আজকের আয়োজনে শিক্ষার্থীরা তাদের অসাধারণ পারফরম্যান্স, সৃজনশীল চিন্তা ও নতুন ধারণা উপস্থাপনের মাধ্যমে মুগ্ধ করেছে। তারা যেভাবে বাস্তব সমস্যাগুলো বিশ্লেষণ করে কার্যকর ব্যাবসায়িক সমাধান তুলে ধরেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা, দলগত কাজ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে শিল্প খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মবিশ্বাসী করে তুলবে।

প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. মুহম্মদ কামরুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ ফায়জুল্লাহ কৌশিক, সহকারী অধ্যাপক ফারজানা চৌধুরী, সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকা, লেকচারার মো. হাসিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও কর্মকর্তা।

আয়োজকদের মতে, ‘ক্যাসকেড ২০২৬’-এর মতো উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও শিল্প খাতের বাস্তব চাহিদার মধ্যে সেতুবন্ধ তৈরি করে। একই সঙ্গে সমস্যা বিশ্লেষণ, যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ ও সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার পাশাপাশি দেশের টেক্সটাইল ও ব্যাবসায়িক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করতে পারবে।

কালের কণ্ঠ