Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

আইএসইউ ফুটবল ফেস্ট সিজন–২-এর চ্যাম্পিয়ন লেগ্যাসি ইউনাইটেড

...

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) স্পোর্টস ক্লাবের আয়োজনে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–২’। টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্যবসায় প্রশাসন বিভাগের দললেগ্যাসি ইউনাইটেড। গত রোববার রাজধানীর পূর্বাচলে ১১ নম্বর সেক্টর ফুটবল মাঠে অনুষ্ঠিত জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এর আগে টুর্নামেন্টের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে জায়গা করে নিয়েছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘বাইনারি ব্লাস্টার্স’ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ‘লেগ্যাসি ইউনাইটেড’। ফাইনালে বাইনারি ব্লাস্টার্সকে ২–০ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা ঘরে তোলে লেগ্যাসি ইউনাইটেড। টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শাওন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন একই বিভাগের আমিনুল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তানিম।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচ. টি. এম. কাদের নেওয়াজ, স্পোর্টস ক্লাবের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক, মডারেটর মুহাম্মদ আবু নাজিমসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

খেলার সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচ. টি. এম. কাদের নেওয়াজ বলেন, “শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। একজন শিক্ষার্থীকে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়াসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।”

স্পোর্টস ক্লাবের মডারেটর মুহাম্মদ আবু নাজিম বলেন, “শুধু ক্লাসই শিক্ষার পরিবেশ নয়, মাঠও শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করা, নেতৃত্ব দেওয়া, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করা এবং জয়-পরাজয়কে ইতিবাচকভাবে গ্রহণ করার শিক্ষা পায়। তাই আমরা চাই, আইএসইউর শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখুক।”

উল্লেখ্য, ‘আইএসইউ ফুটবল ফেস্ট সিজন-২’ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ০৬টি দল অংশগ্রহণ করেছিল। দলগুলো হলো—অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ‘মার্চেন্ট ম্যাভেরিক্স’, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টেক্সটাইল ওয়ারিয়ার্স’, ব্যবসায় প্রশাসন বিভাগের ‘লেগ্যাসি ইউনাইটেড’, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘বাইনারি ব্লাস্টার্স’, আইন বিভাগের ‘জাস্টিস অ্যাথলেটিক’ এবং ইংরেজি বিভাগের ‘ইংলিশ ইনভিন্সিবলস টিম’।